নোবিপ্রবি প্রতিনিধি: উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্ব ও মেধার স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আটজন শিক্ষার্থী।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশজুড়ে সর্বমোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে। সেই তালিকায় নোবিপ্রবির ২০১৯ শিক্ষাবর্ষের তিনজন, ২০২০ শিক্ষাবর্ষের চারজন এবং ২০২১ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী স্থান পেয়েছেন।
ইউজিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে স্বর্ণপদকের জন্য মনোনীতরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের শুভদ বাবু সেন অমিত, অর্থনীতি বিভাগের নাজমুল হাসান এবং কৃষি বিভাগের বেলায়েত হোসেন।
২০২০ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের শতাব্দী রায় মুন, অর্থনীতি বিভাগের রাজিয়া সুলতানা, ব্যবসায় প্রশাসন বিভাগের মোসাররা চৌধুরী এবং কৃষি বিভাগের মো. ইশতিয়াক হোসেন জয়।
এছাড়া ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মনজুরা মাওলা মেহেদী।
নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রতিটি শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দ্বারা নির্মিত একটি পদক এবং একটি সনদপত্র প্রদান করা হবে।
শিক্ষার্থীদের এমন গৌরবোজ্জ্বল কৃতিত্বে নোবিপ্রবি ক্যাম্পাসে আনন্দের আবহ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ অনন্য স্বীকৃতি তরুণদের ভবিষ্যৎ কর্মজীবন এবং গবেষণার ক্ষেত্রকে আরও সমৃদ্ধ ও অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণায় তরুণদের উৎসাহ যোগাতে ২০০৫ সাল থেকে নিয়মিতভাবে প্রতিভাবান গ্র্যাজুয়েটদের এই ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
—জা. অর্থনীতি/এলএটি