আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালিতে টোগো-পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে চায়, তবে তেহরান এখনো এ জন্য প্রস্তুত নয়।
আইআরজিসির দাবি, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ‘ট্রেন্ড’ নামের ট্যাংকারটি হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধভাবে’ যাওয়ার চেষ্টা করছিল। এ সময় জাহাজটিতে হামলা চালানো হলে আগুন ধরে যায় এবং সেটি থেমে যায়। তবে হামলার ঘটনা স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইরানের বিপ্লবী গার্ড আরও দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনা ও নির্দেশনায় জাহাজটি প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ দাবির পক্ষে স্বাধীন কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। জাহাজটির কার্গো, ক্রুদের অবস্থা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য দেয়নি আইআরজিসি।
রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কমে গেছে। গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৪ ডলার এবং ডব্লিউটিআই প্রায় ১০১ দশমিক ২০ ডলারে লেনদেন হচ্ছিল।
এদিকে ট্রাম্প বলেছেন, ইরান একটি চুক্তি করতে চাইলেও এখনো প্রস্তুত নয়। তিনি যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘ভালো’ চুক্তির কথা উল্লেখ করেন।
তবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক শান্তি আলোচনা এখনো শুরু হয়নি। ফলে হরমুজে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও সংঘাতের অবসান বা জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
জা.অর্থনীতি/এসআই