আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে বলে জানিয়েছে রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এএফসি/এম২৩। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী বলে স্থানীয় কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের চিম্পুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে উজামা প্রাইমারি স্কুল, ফুরাহা সেকেন্ডারি স্কুল এবং আশপাশের বসতিতে। এতে প্রায় ৩০০টি কাঠের তৈরি ঘর পুড়ে যায়।
স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুডুগে জানান, আগুনের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে ব্যাপক হুড়োহুড়ি ও পদদলনের ঘটনা ঘটে। অনেকে অজ্ঞান হয়ে পড়েন এবং কেউ কেউ বের হওয়ার জন্য বিপজ্জনক পথ বেছে নেন। এতে আগুনের পাশাপাশি পদদলনেও প্রাণহানি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় একটি ক্লিনিকের নার্স ক্রিস্টোফ জিগাশানে জানান, প্রায় ৫০ শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষককে গুরুতর শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য আনা হয়। ঘটনাস্থল ও হাসপাতালে কয়েকজনের মৃত্যু হয়েছে।
এএফসি/এম২৩-এর মুখপাত্র লরেন্স কানিউকা জানিয়েছেন, ২৯ জন আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ২১ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
আগুনের কারণ এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক দিনগুলোতে বকাভুতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
জা.অর্থনীতি/এসআই