পাবনা প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর একাধিক রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা রোগ সংক্রমণের কারণ উদঘাটনে অনুসন্ধান শুরু করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি প্রতিনিধিদল।
রোববার (৬ সেপ্টেম্বর) থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক শাহরিয়ার সাজ্জাদের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল হাসপাতালটিতে কাজ শুরু করে।
তদন্তের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) প্রতিনিধিদলটি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ব্যবহৃত যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে এবং প্রয়োজনীয় আলামত ও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। এর আগে প্রথম দিনে তারা আক্রান্ত ১২ জন রোগীসহ আরও প্রায় ২০ জন নতুন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায়।
আইইডিসিআরের প্রতিনিধিদলের প্রধান শাহরিয়ার সাজ্জাদ জানান, হঠাৎ করে ক্ষতস্থানে যক্ষ্মা ছড়িয়ে পড়ার মূল উৎস ও তীব্রতা চিহ্নিত করতে এই নিবিড় অনুসন্ধান চালানো হচ্ছে। ল্যাব পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো সম্ভব হবে।
উল্লেখ্য, ফরিদপুর উপজেলার আল-মদিনা ল্যাব অ্যান্ড হসপিটালে অস্ত্রোপচারের পর গত আগস্টে ১২ জন রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত হয়, যাদের মধ্যে ১১ জনই ছিলেন প্রসূতি। ঘটনাটি সামনে আসার পর গত ২৪ আগস্ট উপজেলা স্বাস্থ্য বিভাগ হাসপাতালটির ওপিডি/অস্ত্রোপচার কক্ষ সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং একটি তদন্ত কমিটি গঠন করে আইইডিসিআরকে বিষয়টি অবহিত করে।
ফরিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান জানান, আক্রান্ত ১২ জন রোগীকে সার্বক্ষণিক নজরদারিতে রেখে বিনামূল্যে সুচিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। পাশাপাশি বিগত মাসগুলোতে ওই হাসপাতালে অস্ত্রোপচার করানো অন্য রোগীদের শারীরিক পরিস্থিতিরও নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি