নকলায় এক মাদকসেবীর জেল, চার ফার্মেসিকে জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে চারটি ফার্মেসিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার কায়দা গোরস্থান সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানির নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে মাদকদ্রব্য সেবনের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে নকলা পৌরসভার হাসপাতাল মোড় ও উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চারটি ফার্মেসি থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি