বিশ্বকাপের ফাইনাল হবে ঐতিহাসিক মারাকানায়
ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। দেশটির আট শহরকে ঘিরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ। ইতোমধ্যে ম্যাচ আয়োজনের শহর ও প্রাথমিক ভেন্যু পরিকল্পনা প্রকাশ করেছে ফিফা। প্রতিটি শহরে হবে অন্তত সাতটি ম্যাচ, যার মধ্যে অন্তত একটি থাকবে নকআউট পর্বের। 

ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফি ও সালভাদরে হবে শেষ ষোলো পর্যন্ত ম্যাচ। কোয়ার্টার ফাইনালের ম্যাচ আয়োজন করবে বেলো হরিজন্তে, ফোর্তালেজা, রিও ডি জেনেইরো ও সাও পাওলো। আর সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে রিও ডি জেনেইরো ও সাও পাওলো।

তবে টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। ২০২৭ নারী বিশ্বকাপের ফাইনাল হবে এই মাঠেই।
এর মাধ্যমে পুরুষ ও নারী দুই বিশ্বকাপের ফাইনাল আয়োজনের বিরল কীর্তি গড়বে মারাকানা। এর আগে সুইডেনের রাসুন্দা স্টেডিয়াম ও যুক্তরাষ্ট্রের পাসাডেনার

রোজ বোল এই কীর্তি গড়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ব্রাজিলের মারাকানা।

বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্রাজিলের ফুটবল সংস্কৃতি ও সমর্থকদের আবেগের প্রশংসা করে তিনি বলেছেন, ব্রাজিলিয়ান সমর্থকদের আবেগ, রং ও উচ্ছ্বাসের কথা ভাবলেই তিনি রোমাঞ্চিত হন।

ফিফার প্রত্যাশা, আট আয়োজক শহরের বৈচিত্র্য, সংস্কৃতি ও সমর্থকদের উচ্ছ্বাস মাঠের ফুটবলের পাশাপাশি পুরো টুর্নামেন্টের আবহকেও আরও বর্ণিল করে তুলবে।
 

—জা.অর্থনীতি/এসআরএস