১৪ বছরের সাজাপ্রাপ্ত কিলার মাসুদ গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. মাসুদুল করিম ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এএসআই মাসুদুল হক ও জমায়েত হোসেন জুয়েল, আর সার্বিক সহায়তা করে র‍্যাব-৭-এর একটি দল।

গ্রেপ্তার মাসুদুল করিম ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আব্দুল হালিম ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, অস্ত্র মামলায় ১৪ বছরের সাজা ঘোষণার পর থেকেই তিনি ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে যৌথ অভিযান পরিচালনা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

—জা. অর্থনীতি/এলএটি