ইলিশের উৎপাদন কমার কারণ অনুসন্ধানে গবেষণা চলছে: মৎস্যমন্ত্রী
ছবি: জাতীয় অর্থনীতি

চাঁদপুর প্রতিনিধি: দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা চালাচ্ছে সরকার। একই সঙ্গে উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদী বড় খানবাড়ি মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার নানা উদ্যোগ নিয়েছে। তবে শুধু সরকারি পদক্ষেপের মাধ্যমে অবৈধভাবে মা ইলিশ শিকার পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এ জন্য জেলেদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মা ইলিশ শিকারের ফলে ভবিষ্যতে নিজেদের জীবিকা ও দেশের মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হবে—এ বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক এবং চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভা শেষে প্রধান অতিথি নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করেন।

—জা. অর্থনীতি/এনজে