কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে আমির হামজার সংবাদ সম্মেলন
ছবি: জাতীয় অর্থনীতি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলটির নেতৃবৃন্দ। 

রোববার (১৬ আগস্ট) দুপুরে মোল্লা তেঘড়িয়ায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি আমির হামজা অভিযোগ করেন, গতকাল গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে অতর্কিতভাবে তার গাড়িবহরে হামলা চালায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যে দেশে একজন এমপির নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” একই সাথে তিনি জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আবদুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন এবং জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, হামলার এই ঘটনায় শনিবার রাতেই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মুফতি আমির হামজা।

উল্লেখ্য, শনিবার বিকেল ছয়টার দিকে কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর এমপি আমির হামজার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটলে পরবর্তীতে এমপির সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে ভাঙচুর চালায়।  

—জা. অর্থনীতি/এলএটি