মিরসরাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা
ছবি: জাতীয় অর্থনীতি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: জোর করে ক্ষমতায় টিকে থাকা যে কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না, জুলাই অভ্যুত্থান তার এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। ভবিষ্যতে যেন বাংলাদেশে আর কখনো বাকস্বাধীনতা ও গণতন্ত্র হরণের চেষ্টা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা।

চট্টগ্রামে মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শহীদদের স্মরণে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে জুলাই অভ্যুত্থান ও এর সামাজিক-রাজনৈতিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন, জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব পলাশ, প্রেসক্লাব প্রতিনিধি আনোয়ার হোসেন এবং জুলাই ছাত্র আন্দোলনের প্রতিনিধি মীরজাদা সোহেল প্রমুখ।

আলোচনা পর্ব শেষে জুলাই আন্দোলনে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

—জা. অর্থনীতি/এলএটি