মেহেরপুর প্রতিনিধি: ফুটবল খেলার সময় হঠাৎ বুকে ব্যথা নিয়ে লুটিয়ে পড়ে ১৮ বছর বয়সী তরুণ রাব্বির মৃত্যু হয়েছে। বন্ধুদের সাথে বিকেলে মাঠে খেলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে। সহপাঠীরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার (ওসি) আল মামুন এই তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামের ফুটবল মাঠে এই ঘটনা ঘটে। নিহত রাব্বি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মিজার আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বিকেলে প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে যায় রাব্বি। খেলা জমে ওঠার একপর্যায়ে হঠাৎ সে বুকে তীব্র ব্যথা অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই মাঠের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলে উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ বলেন, হাসপাতালে আনার আগেই রাব্বির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
হাসিমুখে মাঠে নামা এক তরুণের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তার স্বজন, বন্ধু ও স্থানীয়রা।
ওসি বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি