অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় কারাদণ্ড ও জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও সর্বমোট ১ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

সোমবার (২০ জুলাই) গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে মিডিয়া সেলের মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার গোপালগঞ্জ পৌরসভার "দক্ষিণ বাংলা গেস্ট হাউজ"-এ অসামাজিক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে এক অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়।

অভিযানকালে "বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪" মোতাবেক একটি মামলায় একজনকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং "দণ্ডবিধি-১৮৬০-এর ১৮৭ ধারা" মোতাবেক অপর একটি মামলায় একজনকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া "দণ্ডবিধি ১৮৬০-এর ২৯২/২৯৩/২৯৪ ধারা" মোতাবেক ০৮ (আট)টি মামলায় মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সাথে অপর একটি মামলায় "দণ্ডবিধি ১৮৬০-এর ২৯২(ঙ) ধারা" মোতাবেক একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি অনিরুদ্ধ দেব রায় গণমাধ্যমকে জানান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি