প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বসতঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক এই তথ্য নিশ্চিত করেন। 

রোববার (১৯ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) ও আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।

ভুক্তভোগী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রোববার ভোরে প্রতিদিনের মতো প্রবাসীর স্ত্রী বসতঘরের দরজা খোলেন। কয়েক মিনিটের মধ্যে চার/পাঁচ যুবক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় প্রবাসীর স্ত্রী ধস্তাধস্তি ও চিৎকার দিতে থাকেন। একপর্যায়ে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে জুনেদ আহমদ ও নাজির আহমদকে আটক করেন। কিন্তু অন্যরা পালিয়ে যায়। এরা দু’জনই ইয়াবাখোর ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী। এছাড়া আটকদের একজন বড়লেখা পৌর শহরের হার্ডওয়ার ব্যবসায়ী শশাংক দত্ত অপহরণ মামলার এজাহার নামীয় আসামি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ভুক্তভোগীর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ধর্ষণচেষ্টা কারি দুই যুবককে আটক করেন। পরে ভুক্তভোগী নারী ও তিনি আটকদের থানায় সোপর্দ করেছেন।

থানার পরিদর্শক জানান, আটকদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে।

—জা. অর্থনীতি/এলএটি