আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসী ভিসা (গ্রিন কার্ড) আবেদনকারীদের জন্য নতুন আর্থিক শর্ত আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত নীতিতে আবেদনকারীদের সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) পর্যন্ত জামানত হিসেবে জমা দিতে হতে পারে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিকভাবে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই নীতি চালুর বিষয়টি বিবেচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী জামানতের পরিমাণ ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তীতে মার্কিন নাগরিকত্ব অর্জন করলে ওই অর্থ ফেরত দেওয়া হবে, যদিও পুরো প্রক্রিয়ায় কয়েক বছর সময় লাগতে পারে।
প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে গিয়ে কেউ যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে ব্যর্থ হন, তাহলে এই জামানত সরকারের জন্য নিরাপত্তা হিসেবে কাজ করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, যুক্তরাষ্ট্রে অভিবাসন করতে ইচ্ছুক ব্যক্তিদের আর্থিক সক্ষমতা নিশ্চিত হোক। সে লক্ষ্যেই কিছু ভিসা আবেদনকারীর ক্ষেত্রে জামানত নেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব কার্যকর হলে নিম্ন ও মধ্যম আয়ের দেশের অনেক গ্রিন কার্ডপ্রত্যাশীর জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠিন হয়ে পড়বে।
এর আগে বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসা আবেদনকারী মার্কিন নিয়োগকর্তাদের ওপর ১ লাখ ডলার ফি আরোপের উদ্যোগ নিলেও আদালতের রায়ে তা স্থগিত হয়। আদালত বলেছিল, এ ধরনের ফি কার্যত করের মতো, যা আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে।
এদিকে ২০২৫ সালে চালু হওয়া ‘ট্রাম্প গোল্ড কার্ড’ কর্মসূচিতে ১০ লাখ ডলার বিনিয়োগের পাশাপাশি ১৫ হাজার ডলার প্রসেসিং ফি নির্ধারণ করা হলেও উচ্চ ব্যয়ের কারণে এতে প্রত্যাশিত সাড়া মেলেনি। চলতি বছরের মে মাস পর্যন্ত এ কর্মসূচিতে আবেদন করেছেন মাত্র ৩৩৮ জন।
জা.অর্থনীতি/এসআই