রুবিওকে গালিবাফের হুঁশিয়ারি: ‘তোমাদের নতজানু হতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, বিশ্বের ওপর আধিপত্য প্রতিষ্ঠা এবং প্রাচীন সভ্যতা ধ্বংসের চেষ্টা করা শক্তিগুলো শেষ পর্যন্ত পরাজয় ও অপমানের মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে লক্ষ্য করে দেওয়া এক বার্তায় তিনি ঐতিহাসিক উদাহরণ টেনে প্রতিপক্ষকে সতর্ক করেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইতিহাসজুড়েই ইরানিরা এমন শক্তির মোকাবিলা করেছেন, যারা নিজেদের বিশ্বের অধিপতি মনে করেছে এবং প্রাচীন সভ্যতাকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালিয়েছে।

তিনি লেখেন, ‘তারা আগুন আর শিখা নিয়ে এসেছিল, কিন্তু ফিরে গেছে ধুলো ও লজ্জা নিয়ে। যারা আলেকজান্ডারের উত্তরাধিকার অনুসরণ করছে, তাদের পরিণতি হবে ভ্যালেরিয়ানের মতো-তোমাদের নতজানু হতে হবে।’

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও রুবিওর বক্তব্যের সমালোচনা করেন। গ্রিস সফরে প্রাচীন গ্রিক সভ্যতা ও আধুনিক পশ্চিমা বিশ্বের ধারাবাহিকতা নিয়ে রুবিওর মন্তব্যের বিরোধিতা করেন তিনি।

বাঘাইয়ের অভিযোগ, ইতিহাসের নির্বাচিত অংশ তুলে ধরে পশ্চিমা শক্তি ও জাতীয় ক্ষমতার ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করছেন রুবিও। তার মতে, প্রাচীন গ্রিক দর্শনে সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা, অহংকার, আগ্রাসন ও ক্ষমতার সীমাবদ্ধতা নিয়েও সমালোচনা রয়েছে।

ঐতিহাসিক ভ্যালেরিয়ান ছিলেন রোমান সম্রাট। ২৬০ খ্রিষ্টাব্দে সাসানীয় পারস্যের রাজা প্রথম শাপুরের হাতে বন্দি হন তিনি। অন্যদিকে, আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য সাম্রাজ্য জয় করে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। গালিবাফের বক্তব্যে ভ্যালেরিয়ানের পরিণতি পরাজয় ও অপমানের প্রতীক হিসেবে উঠে এসেছে।

জা.অর্থনীতি/এসআই