অনলাইন ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম বঙ্গবানু মেম্বারটেক এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।
তবে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলা উদ্দিন বলেন, আহত শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
জা.অর্থনীতি/এসআই