চকবাজারে আগুন, ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিতের তাগিদ

অনলাইন ডেস্ক: পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে মার্কেট, কারখানা ও আবাসিক ভবনে অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একই সঙ্গে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে জরুরি সেবার যান চলাচল নির্বিঘ্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ছোট কাটারায় আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রশাসক।

তিনি বলেন, অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, জীবন ও সম্পদ সুরক্ষার জন্যও অপরিহার্য। রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানো হলে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হতে পারে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতাও চান তিনি।

প্রাথমিকভাবে জানা গেছে, ছোট কাটারায় এসি মসজিদের পাশে মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকান থেকে সোমবার বিকেলে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়ে। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও পরে মোট ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান আবদুস সালাম। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত চলছে।

পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা ও পানির সংকট প্রসঙ্গে তিনি বলেন, পুরোনো সমস্যাগুলো সমাধানে কাজ করছে সিটি করপোরেশন। পুকুর সংরক্ষণ ও সংস্কারের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। কেমিক্যালের লাইসেন্স দেওয়া বন্ধ রাখার কথাও জানান তিনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্তদের বিষয়ে সিটি করপোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

জা.অর্থনীতি/এসআই