লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকবিভাগ কর্মচারীদের মানববন্ধন ও ধর্মঘট শুরু হয়েছে। বক্তারা তাদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা ডাক বিভাগের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ।
মানববন্ধনে বক্তব্য দেন মেহেরনগর শাখা পোস্ট মাস্টার আবু হোসেন মোহাম্মদ ফারুক, করিমপুর শাখা পোস্ট মাস্টার মুহম্মদ খাইরুল আলম ও ভোটমারী শাখা পোস্ট মাস্টার মো. সিদ্দিক আলী প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন। এতো অল্প বেতনে তারা পরিবার-পরিজন নিয়ে অনেক সমস্যায় আছেন। তারা জানান, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এই আন্দোলনে যুক্ত হয়েছেন।
অবিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য তারা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কালীগঞ্জ উপজেলার এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা। মানববন্ধনে কালীগঞ্জ উপজেলা ডাক বিভাগের সকল ইউনিয়ন শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি
