খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. লিটন (৪৫) নামে একজনকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
রবিবার (৫ জুলাই) দুপুরে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করার পর অভিযুক্তকে আটক করা হয়। আটক মো. লিটন মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, গত ২ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট মেরুং এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার রাতে শিশুটি তার কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে অভিযুক্ত লিটন তাকে ফুসলিয়ে রাস্তার পাশে একটি খালি জায়গায় নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায়।
পরবর্তীতে শিশুকে আহত অবস্থায় দীঘিনালা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। ভুক্তভোগীর পরিবার জানায়, শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসায় নিয়ে আসা হয়েছে এবং তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি কামনা করছেন।
ওসি জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত লিটনকে আহত অবস্থায় মেরুং থেকে আটক করা হয়েছে এবং চিকিৎসা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি