নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় ১৪০ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক নারীর নাম স্বপ্ন আক্তার (৪২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
ওসি জানান, ভোররাত ৪টা ২০ মিনিটে উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের যাত্রী স্বপ্ন আক্তারের কাছে ১৪০ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
পুলিশকে ওই নারী জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের জন্য গুলি পরিবহন করেছিলেন। ওই নারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ তদন্ত করছে, এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।
—জা. অর্থনীতি/এনজে