কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলার প্রেসিডেন্ট আবদুল হামিদ সড়কটির বেহাল দশা দূর করতে নিকলী থেকে কারপাশা ইউনিয়নের নানশ্রী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বর্তমানে দ্রুত গতিতে এ সড়কটির নির্মাণ কাজ এগিয়ে চলছে। উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, এই সড়কের সংস্কার ও উন্নয়নকাজের জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০২০ সালে সড়কটি নির্মাণের পর ভারী বর্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়। এছাড়া হিজল-কড়চ গাছের শিকড় বৃদ্ধি ও রাস্তার দুই পাশে গোবর শুকানোর কারণে কার্পেটিংয়ের মারাত্মক ক্ষতি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছিলেন স্থানীয়রা। গত ২১ জুন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন। ইতিমধ্যেই ভৈরবের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমিনুল হক ৪ হাজার ৯৫০ মিটার রাস্তার কাজ পুরোদমে শুরু করেছে। নিকলী নতুন বাজার মোড় থেকে ১ কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাই এবং বাকি অংশ পিচ ঢালাই করা হবে।
ভালো রাস্তা ভেঙে নতুন করে কাজ করা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু সমালোচনাকে ‘অহেতুক’ বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় অটোচালক সুমন, সিএনজিচালক রুবেল ও ট্রাকচালক মনির। তারা জানান, একটি কুচক্রী মহল অহেতুক সমালোচনা করছে, সরকার সঠিক সিদ্ধান্ত নেওয়ায় এখন দুর্ঘটনার হাত থেকে পথচারীরা রক্ষা পাবেন। এলজিইডির নিকলী উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, "সড়কে যাতে যথাযথ মান বজায় রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করে, সে ব্যাপারে আমাদের কঠোর মনিটরিং রয়েছে। দ্রুত কাজ সম্পন্ন হলে জনগণের ভোগান্তি দূর হবে।"
—জা. অর্থনীতি/এলএটি
