গারো পাহাড়ের বালু পাচারের অভিযোগে অটোভ্যান জব্দ, আটক ৬
ছবি: জাতীয় অর্থনীতি

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ছয়টি বালুভর্তি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করেছে পুলিশ। এ সময় জড়িত থাকার অভিযোগে ছয় অটোভ্যানচালককে আটক করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

গত শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ধানশাইল বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার গান্ধিগাঁও গ্রামের মৃত ইসহাকের ছেলে ফরমান (৪৩), মৃত জহির উদ্দিনের ছেলে শেখ ফরিদ (২৩), মৃত ছবর আলীর ছেলে মামুন মিয়া (৪২), মৃত মেছের আলীর ছেলে ময়নাল (৪৪), মৃত জাফর আলীর ছেলে রহমত আলী (৩৩) এবং বাকাকুড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ইনছার আলী (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গারো পাহাড়ের ঝিনাইগাতী উপজেলার সংবেদনশীল বাকাকুড়া খাল থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিভিন্ন স্থানে পরিবহন করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধানশাইল বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ছয়টি বালুভর্তি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরিসহ চালকদের আটক করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহিন্দ্রা লরির চালক শান্ত মিয়া পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনায় আটক ৬ জনসহ পলাতক মাহিন্দ্রা চালক শান্ত মিয়ার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ওসি জানান, পরিবেশ ধ্বংসকারী ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি