তাড়াইলে ঐতিহ্যবাহী মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলনের প্রস্তুতি
ছবি: জাতীয় অর্থনীতি

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, সম্মেলন সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে শুক্রবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর ফকিরাপুলস্থ হোটেল সেন্টার ইন-এ বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- মাওলানা নাজির আহমদ, মাওলানা আবু বকর, মাওলানা আব্দুর সাত্তার, মাওলানা আতিক ভূঁইয়া, মাওলানা ফজলুর রহমান, মুফতি আজিজুল ইসলাম কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা বজলুর রহমান, হাফেজ সাইফুল ইসলাম ইনসান, হাফেজ হিফজুর রহমান, হাফেজ মাওলানা এনায়েতুল্লাহ, মাওলানা ফখরুদ্দিন, হাফেজ মিসবাহ উদ্দিন সোহাগ, মুহাম্মাদ শাহাদাত হোসেন সানী,  মাওলান ইবরাহিম ও মাওলানা দিদার হাসান।

বৈঠকে ৬০ বছর পূর্তি সম্মেলনকে স্মরণীয় ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন, প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম জোরদার, স্মরণিকা প্রকাশ, শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, প্রচার-প্রসার ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

জানা গেছে, আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৭ মাদরাসা ময়দানে ৬০ বছর পূর্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৬০ বছরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে একটি স্মরণিকা প্রকাশ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা এবং দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে তাফসিরুল কুরআন ও দোয়া মাহফিলের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈঠকে বক্তারা বলেন, আশরাফুল উলুম মাদরাসা শুধু তাড়াইলের নয়, হাওরাঞ্চলের দ্বীনি শিক্ষা বিস্তারে দীর্ঘ ৬০ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠান থেকে হাজার হাজার আলেম, হাফেজ, ক্বারী ও দ্বীনের খাদেম তৈরি হয়েছেন, যারা দেশ-বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত।

বক্তারা প্রাক্তন শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করে সম্মেলন সফলে এগিয়ে আসার আহ্বান জানান। ইতোমধ্যে অনলাইন ও সরাসরি নিবন্ধন কার্যক্রম চলছে। প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের লেখা, স্মৃতিচারণ, কবিতা ও প্রবন্ধ নিয়ে স্মরণিকায় প্রকাশের জন্য লেখা আহ্বান করা হয়েছে।

বৈঠক শেষে মাদরাসার সার্বিক উন্নয়ন, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও সম্মেলনের সফলতা কামনা করে দোয়া করা হয়।

—জা. অর্থনীতি/এনজে