পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আলম প্রামানিক ওরফে টেম্পু আলম (৪০)। তিনি ঈশ্বরদীর পাকশী রূপপুর বিশুতলা এলাকার মৃত খবির প্রামানিকের ছেলে। পাবনা জেলা পুলিশ ও ডিবি সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দিনগত ভোর রাতে উপজেলার রূপপুর বিশুতলা এলাকায় আলম প্রামানিকের বসতবাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল ভোর রাতে আলম প্রামানিকের বসত বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানকালে তার বসতঘর এবং রান্নাঘরের পেছন থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আলম প্রামানিক ওরফে টেম্পু আলম ঈশ্বরদী থানার আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এলএটি