সীমান্তে পুশইনে ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ হওয়ার পর তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩ জুন দিবাগত রাতে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হয়নি।

ঘটনার পর উক্ত ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিল। পরবর্তীতে সীমান্ত এলাকায় বিজিবির নিবিড় পর্যবেক্ষণে দেখা যায়, বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিদের কোনো অবস্থান বা চলাচল পরিলক্ষিত হচ্ছে না।

শনিবার (৬ জুন) সকালে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির শক্ত অবস্থান ও সার্বক্ষণিক নজরদারির কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে বিএসএফ ওই ২৮ জন ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা করছি ।

তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবির ধারণা, রাতের কোনো এক সময় বিএসএফ ওই ২৮ জন ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

—জা. অর্থনীতি/এনজে