জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির আভাস, বাড়তে পারে গরম
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বর্ষার প্রথম মাস জুনেই দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে পুরো মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে, অর্থাৎ গরমের তীব্রতা বাড়ার শঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২ জুন) জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম।

পূর্বাভাসে বলা হয়, চলতি মাসের প্রথমার্ধের (১৫ জুনের মধ্যে) মধ্যেই সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল বিস্তার লাভ করতে পারে। এ মাসে দেশে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি পরবর্তীতে মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। জুনে দেশের ওপর দিয়ে ২ থেকে ৩টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের বিচ্ছিন্ন তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

নদ-নদীর আবহাওয়া নিয়ে বলা হয়েছে, জুন মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। এছাড়া চলতি মাসে দৈনিক গড় বাষ্পীভবন ৩.৫ থেকে ৫.৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে।

—জা. অর্থনীতি/এলএ/এনজে