আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে কনটেইনারবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ছড়িয়ে পড়েছে দামি পারফিউম ও আইফোন। জাহাজটি থেকে ভেসে আসা এসব পণ্য সংগ্রহ করতে ছোট ছোট নৌকা নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন স্থানীয় লোকজন। পরে সংগৃহীত পণ্যগুলো বিক্রিও করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন জিএফ প্রাইড নামের জাহাজটি বুধবার হরমুজ প্রণালিতে ডুবে যায়। এর আগে জাহাজটি একটি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাহাজটিতে প্রায় আড়াই হাজার কনটেইনার ছিল। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পানিতে ভাসমান আইফোন ও দামি পারফিউমের বোতল এবং প্যাকেট দেখা গেছে।
জাহাজটিতে থাকা ২১ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ক্রুদের কেউ হতাহত হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাহাজডুবির কারণ নিয়ে অবশ্য ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, জাহাজটি অনুমোদনহীন পথে চলাচলের সময় মাইনের সঙ্গে ধাক্কা খায়। অন্যদিকে, নৌ কর্মকর্তাদের ভাষ্য, জাহাজটিতে অজ্ঞাত কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। ফলে জাহাজটি ঠিক কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত নয়।
এর আগে হরমুজ প্রণালিতে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড। সংস্থাটির অভিযোগ, সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর সহায়তায় যুক্তরাষ্ট্র এই প্রণালি দিয়ে তেল পাচার করছে।
এদিকে, হরমুজ প্রণালিতে অ্যান্টিগা ও বার্বুডার পতাকাবাহী আরেকটি জাহাজও ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। গত ২৩ সেপ্টেম্বর হামলার শিকার ওই জাহাজের এক ক্রু নিহত হন। অন্যদের উদ্ধার করা হয়।
জা.অর্থনীতি/এসআই