ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদে এ হামলার ঘটনা ঘটে বলে সরকারি সামরিক সূত্র জানিয়েছে।

হামলার পর এডেনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে। স্থানীয় পুলিশের তিনটি সূত্র জানিয়েছে, হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রাসাদটিতে আঘাত হানে। পরে সরকারি সামরিক সূত্র হতাহতদের সংখ্যা নিশ্চিত করে।

হুথি সমর্থক গণমাধ্যমের দাবি, সৌদি কর্মকর্তাদের নেতৃত্বাধীন সামরিক অভিযানের সদর দপ্তর এবং অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, একই দিন দেশটির মধ্যাঞ্চলীয় শহর মারিবে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও তেলসমৃদ্ধ এই অঞ্চলে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আবারও সংঘাতের বিস্তার:
দীর্ঘদিন ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধ কয়েক বছর স্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাইয়ে নতুন করে তীব্র হয়ে ওঠে। এরপর হুথিরা সামরিক অভিযান জোরদার করে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বিস্তীর্ণ এলাকা দখলে নেয়।

২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে, হুথিরা সৌদি আরবকে লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

সৌদি জোটের পাল্টা হামলা এবং সরকারি বাহিনীর অভিযান সত্ত্বেও হুথিদের অগ্রযাত্রা থামানো যায়নি। গোষ্ঠীটি রাজধানী সানাসহ দেশটির জনবহুল এলাকাগুলোর বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

জা.অর্থনীতি/এসআই