তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সবচেয়ে বড় কাঁচাবাজার তাড়াইল সদর বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি।
বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো, লাউ, নতুন আলুসহ নানা ধরনের শীতকালীন সবজির দেখা মিললেও দাম আকাশছোঁয়া। অতিরিক্ত দামের কারণে সাধারণ ক্রেতারা কাঙ্ক্ষিত সবজি কিনতে পারছেন না।
সোমবার (১৯ অক্টোবর) তাড়াইল বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি ৭০-৮০ টাকা, বাঁধাকপি ৭০ টাকা, শিম ১২০-১৪০ টাকা, টমেটো ১২০ টাকা, মুলা ৬০ টাকা, বেগুন ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। নতুন আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট, বাজনা শুনে হয় চুক্তি
এছাড়া ঝিঙা ৬০ টাকা, করলা ৮০ টাকা, শসা ৮০ টাকা এবং বরবটি ৬০ টাকা, কাঁচা মরিচ ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফলে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজি আছে কিন্তু দাম শুনে কেনার সাহস পাচ্ছি না। শীতের সবজির দাম আরও কম থাকার কথা, কিন্তু সিন্ডিকেটের কারণে দাম বেশি।
ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও এখনও সরবরাহ পর্যাপ্ত নয়। সরবরাহ বাড়লে সবজির দাম কিছুটা কমতে পারে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, আগাম শীতের সবজি চাষে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে কিছুদিনের মধ্যেই পুরোদমে শীতের সবজি বাজারে আসবে, তখন দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।
—জা. অর্থনীতি/এনজে