জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলার প্রেক্ষাপটে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) সম্মেলন আগামী এক বছর পর্যন্ত স্থগিত করেছে সৌদি আরব। সম্মেলনের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এফআইআই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী বছর সম্মেলনটি হতে পারে; সেই তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, এই সিদ্ধান্ত আমাদের অংশীদার, সদস্য, বক্তা এবং প্রতিনিধিদের প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন।
তিনি আরও বলেন, এটি আমাদের দশম আসর। তাই আমরা নিশ্চিত করতে চাই যে, এটি যেন পূর্ণাঙ্গ পরিসর, অসাধারণ গুণমান এবং অবিস্মরণীয় হয়। আমাদের কমিউনিটিও প্রত্যাশা করে আয়োজনটি তেমনি হোক।
সুইজারল্যান্ডে দাভোসে প্রতিবছর অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। সেটার আদলে সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনকে ‘মরুভূমির দাভোস’ নামে ডাকা হয়।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্মেলনটি সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষী বিনিয়োগ পরিকল্পনাগুলোকে তুলে ধরে। এর মূল লক্ষ্য হলো— তেল আর গ্যাসনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগকে আকর্ষণ করা।
এফআইআই-এর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে সম্ভাব্য বক্তাদের মধ্যে ছিলেন অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট এবং চিফ ইনফরমেশন অফিসার রুথ পোরাট; গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও সিইও ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও সিইও লরেন্স ফিঙ্ক।
ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সঙ্গে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লড়াই তীব্র হয়েছে। এই লড়াইয়ে হুতিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে সৌদি-নেতৃত্বাধীন জোটও।
‘আনসার আল্লাহ' নামে পরিচিত হুতিরা সৌদি আরবের সামরিক, জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে। সম্প্রতি রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দফা হামলায় অন্তত ১৮ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।
—জা.অর্থনীতি/জেআরটি