আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ, প্রজ্ঞাপন জারি

জাতীয় অর্থনীতি অনলাইন: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই দেশের পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কয়েক ধরনের কোম্পানি সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারবে।

এর মধ্যে রয়েছে—

  •  সম্পূর্ণ সরকারি মালিকানাধীন অথবা সরকারের অন্তত ৫১ শতাংশ মালিকানাধীন কোম্পানি;
  •  সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানা রয়েছে এবং পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ সরকারের মালিকানাধীন—এমন কোম্পানি;
  • সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন অথবা বিদেশিদের অন্তত ৫১ শতাংশ মালিকানাধীন কোম্পানি;
  •  সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী অন্তত ৫০০ কোটি টাকা নিট সম্পদমূল্যের তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি;
  •  বছরে অন্তত ১ হাজার কোটি টাকা লেনদেন বা টার্নওভার রয়েছে—এমন কোম্পানি;
  •  বিএসইসিতে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি এবং ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি;
  •  কমিশন ঘোষিত যোগ্য কোম্পানি।

প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো আইপিও ছাড়াই সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবে।

আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) হলো সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে কোনো কোম্পানির পুঁজিবাজারে আসার প্রচলিত প্রক্রিয়া।

—জা.অর্থনীতি/আরএস