সাংবাদিক আলিফ হত্যা: বিভিন্ন জেলায় বিচার ও শাস্তির দাবি
ছবি: জাতীয় অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল 'রূপসী বাংলা'-এর নেত্রকোনা জেলা প্রতিনিধি ও সাবেক সেনাসদস্য লুৎফুজ্জামান আলিফ ফকিরকে (লুৎফর জামান) দুর্গাপুর সীমান্তে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ এবং দ্রুত বিচার দাবি জানিয়েছেন বিভিন্ন এলাকার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

শনিবার (১৭ অক্টোবর) শেরপুরের নকলা, নেত্রকোনা ও কিশোরগঞ্জে পৃথক প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

শেরপুর

শনিবার রাতে নকলা হলচত্বরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয়ে নকলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য বড় হুমকি। পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক যেন সহিংসতার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সভায় নকলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।   

নেত্রকোনা

শনিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নিহত লুৎফুজ্জামান আলিফ একজন অকুতোভয় ও একনিষ্ঠ সাংবাদিক ছিলেন। চোরাকারবারি ও সন্ত্রাসের বিরুদ্ধে অসংখ্য রিপোর্ট করায় দুর্বৃত্তরা তাকে অতর্কিতে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।

অবিলম্বে আসামিদের গ্রেপ্তার, কঠোর শাস্তি এবং নিহতের পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।

কিশোরগঞ্জ

একই দিনে নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

শনিবার দুপুর ১২টায় আখড়াবাজার চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসব কর্মসূচি থেকে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

—জা.অর্থনীতি/এনজে