৩ দিনের মাথায় নেত্রকোনায় ফের দুর্বৃত্তের গুলি, যুবক আহত
ছবি: জাতীয় অর্থনীতি

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহনগঞ্জ পৌর এলাকার মাইলোড়ার রামকৃষ্ণ মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে। সুজন পাল আহত হলে তাকে প্রথমে স্থানীয় ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ আহত সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরে একটি মিষ্টির দোকানের কর্মচারী। স্ত্রী-সন্তানদের নিয়ে মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাসা থেকে বের হন সুজন। বাসার পাশের রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুর ঘাটে যেতে চেয়েছিলেন। হঠাৎ মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতের স্ত্রী টুম্পা পাল জানান, সুজন ঘুম থেকে উঠে বাসার পাশের সড়কে যাওয়ার পর মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি দ্রুত  ছুটে আসে। তারা সুজনের কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা সম্পর্কে জানতে চান। এ সময় একজন অস্ত্র বের করে। ভয়ে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, খুব খারাপ ঘটনা এটি। সুজনের পিঠে গুলি লেগেছে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

—জা. অর্থনীতি/এনজে