নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলায় সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
ওসি জানান, রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজার সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের জানুয়ারি মাসে দুর্গাপুরে দায়িত্বরত পুলিশ সদস্য মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলারও আসামি ছিলেন অপূর্ব। ওই মামলায় তিনি গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্ত পান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত লুৎফুজ্জামান আলিফ আইপিটিভি ‘চ্যানেল রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। এছাড়া ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি।
স্থানীয়রা জানান, সাবেক সেনাসদস্য আলিফ সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনকালীন সীমান্ত এলাকার চোরাচালান, মাদক পাচার ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতেন।
—জা. অর্থনীতি/এলএটি