৩০ দিনের নিষেধাজ্ঞায় রোনালদো, জরিমানা ২৮৬ ডলার

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন দেশটির তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ২৮৬ ডলার জরিমানা করেছে।

গত ২৮ সেপ্টেম্বর নেশনস লিগে নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে কাটানোর পর কোচ হোর্হে জেসুসের সঙ্গে রোনালদোর বিরোধ তৈরি হয়। রোনালদোর অভিযোগ ছিল, তাকে অন্তত ২০ থেকে ৩০ মিনিট খেলানোর কথা দেওয়া হলেও মাঠে নামানো হয়নি। পরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও তাকে মূল একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত জানানো হলে ক্ষুব্ধ হয়ে দলীয় ক্যাম্প ছাড়েন পর্তুগিজ অধিনায়ক।

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের দিন থেকে নিষেধাজ্ঞার সময় গণনা করা হয়েছে। ফলে ইতিমধ্যে ১৯ দিনের শাস্তি ভোগ করেছেন রোনালদো। পরবর্তী ফিফা উইন্ডোর আগেই নিষেধাজ্ঞার বাকি মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তাই পর্তুগালের পরবর্তী ম্যাচগুলোতে তার অনুপস্থিত থাকার আশঙ্কা নেই।

এফপিএফের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, শাস্তি নির্ধারণে রোনালদোর অনুশোচনা, ফুটবলে অবদান ও অর্জন বিবেচনা করা হয়েছে। এর আগে নিজের আচরণের দায় স্বীকার করে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি।

পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোল-দুই ক্ষেত্রেই পুরুষ ফুটবলে বিশ্বরেকর্ড তার। তার নেতৃত্বে ইউরো ২০১৬ ও দুটি নেশনস লিগের শিরোপা জিতেছে পর্তুগাল।

জা.অর্থনীতি/এসআই