চাষের জমিতে অজগর, ভয় না পেয়ে দড়ি বেঁধে সরালেন দুই তরুণী

আন্তর্জাতিক ডেস্ক: চাষের জমিতে ফসল কাটার সময় হঠাৎ চোখে পড়ে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর। বিশাল আকারের সাপটি শিকার খাওয়ার পর পেট ফুলিয়ে জমিতে পড়ে ছিল। সেটি দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সেখানে কাজ করা লোকজন। তবে ভয় না পেয়ে অজগরটিকে সরাতে এগিয়ে আসেন দুই তরুণী।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তরুণীরা অজগরটির পেটে দড়ি বেঁধে সেটিকে টেনে জমির বাইরে নিয়ে যাচ্ছেন। পেট ফুলে থাকায় সাপটি খুব বেশি নড়াচড়া করতে পারছিল না। সেই সুযোগেই তাঁরা অজগরটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভিডিওতে সাপটিকে ফোঁসফোঁস করতে দেখা গেলেও তরুণীরা পিছিয়ে যাননি।

‘ধর্মবাই_ঢোলপুর’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। প্রকাশের পর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এতে ৯৬ হাজারের বেশি নেটাগরিক প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভিডিওটি দেখে এক নেটাগরিক প্রশ্ন করেছেন, অজগর উদ্ধারের জন্য বন দপ্তরকে খবর দেওয়া হয়নি কেন। অন্য একজন তরুণীদের সাহসের প্রশংসা করেছেন।

জা.অর্থনীতি/এসআই