হাইল হাওরে জালে আটকে পড়া অজগর উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের বিলে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিলুপ্তপ্রায় অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী হাইল হাওরের রউয়া বিলে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের কোনো একসময় বিলে পাতা মাছ ধরার জালে অজগরটি আটকা পড়ে। সকালে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা সাইদুল হক তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। তথ্য পেয়েই ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দা রাজু মিয়া নৌকা চালিয়ে উদ্ধারকারী দলকে বিলের গভীরে নিয়ে যান। পরবর্তীতে প্রায় এক ঘণ্টার নিবিড় প্রচেষ্টায় অজগরটিকে জাল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারকারীরা জানান, জালে শক্তভাবে পেঁচিয়ে থাকায় আর কিছু সময় পার হলে শ্বাসরুদ্ধ হয়ে বা আঘাত পেয়ে সাপটি মারা যেতে পারতো। উদ্ধার কাজে সাহসিকতা ও সহযোগিতার জন্য নৌকার মাঝি রাজু মিয়াকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

উদ্ধার কার্যক্রম শেষে অজগরটিকে প্রাথমিক পর্যবেক্ষণের পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় পরিচর্যা শেষে দ্রুতই এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “বন্যপ্রাণী আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত জরুরি। কোথাও কোনো পশুপাখি বা বন্যপ্রাণী বিপন্ন, আটকা পড়া কিংবা আহত অবস্থায় দেখলে সেটিকে আঘাত না করে নিকটস্থ বন বিভাগ অথবা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে দ্রুত অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানাচ্ছি।”  

—জা. অর্থনীতি/এলএটি