যশোরে পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত
ছবি: জাতীয় অর্থনীতি

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক নবম শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তার আরও দুই সহপাঠী আহত হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাসতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের আলীম দাফাদারের ছেলে। আহতরা হলো একই গ্রামের লিখন (১৫) ও ফাহিম (১৫)। তারা তিনজনই চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন শিক্ষার্থী মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ফাসতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক পিকআপটি শনাক্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

—জা. অর্থনীতি/এলএটি