আন্তর্জাতিক ডেস্ক: ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে সুইডেন থেকে বহিষ্কারের এক দিন পর পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির এক কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে তেহরান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশ জারি করে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ম্যাথিয়াস ওটারস্টেডকে তলব করে সিদ্ধান্তের কথা জানানো হয়। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুইডেনের পক্ষ থেকে ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সুইডেনের অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলেছে, দেশটির নিরাপত্তা বিষয়ে তেহরানের হস্তক্ষেপের অভিযোগ ভিত্তিহীন। ইরানি কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তকে ‘অন্যায়’ ও ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সুইডেনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং স্টকহোম ইরানি দূতাবাসের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সুইডেনের ‘শত্রুতামূলক নীতি’ অনুসরণের অভিযোগও তোলা হয়েছে।
তেহরান জানিয়েছে, নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে পারস্পরিকতার নীতি অনুসরণ করা হবে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়।
এর আগে বুধবার সুইডেন সরকার ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে বহিষ্কারের ঘোষণা দেয়। এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনেরগার্ড বলেন, সুইডিশ নাগরিক ও জাতীয় স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির বিচারমন্ত্রী গুনার স্ট্রমার অভিযোগ করেন, ইরান দীর্ঘদিন ধরে সুইডেনের অভ্যন্তরে ও দেশটির বিরুদ্ধে নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যক্রম চালিয়ে আসছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
জা.অর্থনীতি/এসআই