আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি বেড়েছে ১২.৭১ শতাংশ

অনলাইন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম রপ্তানিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। চলতি বছরের আগস্টে গত বছরের একই মাসের তুলনায় দেশটিতে বাংলাদেশের ডেনিম রপ্তানি বেড়েছে ১২ দশমিক ৭১ শতাংশ। তবে বছরের প্রথম আট মাসের হিসাবে রপ্তানি আয় কমেছে।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আগস্টে বাংলাদেশ থেকে ইইউতে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোর ডেনিম রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসে এর পরিমাণ ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো। এ সময়ে ইইউর মোট ডেনিম আমদানি ১১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৪৩০ দশমিক ১৬ মিলিয়ন ইউরো হয়েছে। বাজারে বাংলাদেশের অংশ বেড়ে ৩১ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।

তবে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে বাংলাদেশের ডেনিম রপ্তানি ৫ দশমিক ৮৫ শতাংশ কমে ৮৬৯ দশমিক ১৩ মিলিয়ন ইউরো হয়েছে। আগের বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৯২৩ দশমিক ১১ মিলিয়ন ইউরো। এ সময়ে বাজারে বাংলাদেশের অংশ ২৯ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ৪ শতাংশে নেমেছে।

ইইউতে বাংলাদেশের পর দ্বিতীয় বৃহত্তম ডেনিম সরবরাহকারী পাকিস্তান। দেশটির আট মাসের রপ্তানি ৭ দশমিক ৮৮ শতাংশ কমে ৫২৫ দশমিক ৪৯ মিলিয়ন ইউরো হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের রপ্তানি কমেছে ২১ দশমিক ০৮ শতাংশ।

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, দক্ষ জনবল, সুপ্রতিষ্ঠিত সরবরাহব্যবস্থা ও প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের ডেনিম শিল্পকে প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে।

তিনি উচ্চমূল্যের পণ্য উৎপাদন, প্রযুক্তির আধুনিকায়ন, উদ্ভাবন এবং টেকসই উৎপাদনব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন। তার মতে, ইউরোপের পরিবর্তিত বাণিজ্যনীতি ও পরিবেশগত শর্ত পূরণে প্রস্তুতি নেওয়াও জরুরি।

জা.অর্থনীতি/এসআই