ইরানে আরও বড় হামলা হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী নতুন করে আক্রমণ চালালে পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেটের প্রধান সাবমেরিন কেবলে পাল্টা আঘাত হানার সুনির্দিষ্ট রণকৌশল সাজিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবারও বড় সামরিক অভিযানের হুমকির জবাবে তেহরানের এই নতুন কৌশলগত অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন (মিড-টার্ম) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের মনোভাব ও কংগ্রেসে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার হিসাব-নিকাশে ভোট শেষ না হওয়া পর্যন্ত ওয়াশিংটন সরাসরি নতুন কোনো বড় পদক্ষেপে যাচ্ছে না। তবে গত শুক্রবার ফ্লোরিডায় এক প্রচার সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো আবার বড়সড় কোনো হামলা চালাব।’ সংঘাত খুব দ্রুত শেষ করা নাকি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে দেওয়া-তা নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে আমেরিকার সঙ্গে সমঝোতা নিয়ে তেহরানের অনীহা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ওরা যদি বুদ্ধিমান হত, বলত চলো ব্যবসার কথায় আসা যাক। কিন্তু ওরা হয়তো সেটা করবে না, কারণ ওরা বুদ্ধিমান নয়।’

অন্যদিকে আমেরিকা বা ইজরায়েলের বাহিনী নতুন করে কোনো হামলা চালালে সমুদ্রের নিচে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ তারগুলো সমুদ্রের নিচ দিয়েই গেছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই সমস্ত তারের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। শত্রুপক্ষ আক্রমণ করলেই সেই যোগাযোগের তার ধ্বংস করা হবে। এতে সমগ্র উপসাগরীয় অঞ্চলে ইন্টারনেট পরিষেবা ও আর্থিক লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, যা দ্রুত মেরামতের সুযোগও থাকবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী তেহরানে হামলা চালায়। তাতে মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তার পর থেকেই পুরো পশ্চিম এশিয়ায় যুদ্ধাবস্থা বজায় রয়েছে এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে পর পর নিশানা করেছে ইরান। দীর্ঘ আট মাস ধরে একাধিক বার প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনায় বসার পরও দু’পক্ষের সমঝোতা হয়নি। এই সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে ক্রমাগত বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম।

—জা. অর্থনীতি/এলএটি