ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত
ছবি: জাতীয় অর্থনীতি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এতে অন্তত আরও ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার কাজিরশিমলা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালের দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইউনাইটেড পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটি বেপরোয়া গতিতে সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে উল্টে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়।

ওসি মনসুর আহমেদ আরও জানান, নিহত দুই যাত্রীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।  

—জা. অর্থনীতি/এলএটি