কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ও রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে ময়মনসিংহ থেকে রৌমারীগামী একটি ইজিবাইক কর্তিমারীর শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক সেটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা তিন যাত্রী নিহত হন। বাইকে থাকা অপর যাত্রীদের গুরুতর আহত অবস্থায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের দুই শিশুসহ ৩ জন। তারা হলেন-রৌমারীর চতলাকান্দা গ্রামের শহিদুল ইসলামের দুই শিশু সন্তান রিশাদ (১২) ও তুবা (৭) এবং তার স্ত্রী লিপি খাতুন (৩৩)। অন্য নিহতরা হলেন কর্তিমারী বাজার এলাকার শরিফা (৪২) এবং নাম-ঠিকানা না জানা এক ইজিবাইক চালক।
দুর্ঘটনায় গুরুতর আহত বৃষ্টি (২৫) নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নিহত একই পরিবারের ৩ জন ময়মনসিংহ থেকে আত্মীয়ের বাড়ি থেকে রৌমারীতে ফিরছিলেন।
—জা.অর্থনীতি/আরএস