নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে তালাবদ্ধ ও জনশূন্য একটি টিনের বসতঘরে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘরসহ ভেতরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার কারপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জালালপুর মাইজহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির মালিক মৃত মো. খালেকের ছেলে ষাটোর্ধ্ব মো. আসলাম মিয়া। তিনি সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বসবাস করায় গ্রামের বসতঘরটি তালাবদ্ধ ও খালি থাকত। রোববার রাতে হঠাৎ খালি ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসেন এবং সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
জনশূন্য ঘরে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসলাম মিয়ার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
—জা. অর্থনীতি/এলএটি