প্রায় ৪ ঘণ্টা পর কাশিমপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার পশ্চিম শৈলডুবী এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’-এর কার্টুন ও সুতার গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গোডাউনটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শৈলডুবী এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামটিতে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। গুদামে প্রচুর পরিমাণে কার্টুন তৈরির কেমিক্যাল, প্যাকেটজাত সুতা এবং অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন মুহূর্তের মধ্যে চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আকাশে ঘন কালো ধোঁয়া কুন্ডলী পাকিয়ে উঠতে থাকে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সারাবো ফায়ার স্টেশন থেকে প্রথমে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা ও ব্যাপকতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে একে একে আরও ইউনিট যুক্ত হয়। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট চারদিক থেকে আগুন ঘিরে ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে দুপুর ১টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট বা আশপাশের অন্য কোনো ভবনে ছড়িয়ে পড়তে না পারে, তা  নিশ্চিত করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে গুদামে থাকা বিপুল পরিমাণ কার্টুন, কেমিক্যাল, সুতা ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং আর্থিক ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ শেষ হওয়ার পর তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

—জা. অর্থনীতি/এনজে