কাশিমপুরে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
ছবি: জাতীয় অর্থনীতি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুরে ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে। 

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কাশিমপুর থানার পশ্চিম শৈলডুবি (শৈলান) এলাকায় গোডাউনটিতে এ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হঠাৎ করে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন জ্বলে ওঠে। গোডাউনে প্রচুর পরিমাণে খালি কার্টন, সুতা এবং অন্যান্য দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়ংকর রূপ ধারণ করে এবং দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। পুরো এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় দূর থেকেই তা দেখা যায়, যা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। 

খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন থেকে প্রথমে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা ও ব্যাপকতা দ্রুত বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো ফায়ার স্টেশন, ডিবিএল ফায়ার সার্ভিস, কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত হয়।

বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নেভাতে ও তা প্রধান কারখানার মূল প্ল্যান্ট বা আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়া রোধ করতে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন যাতে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।

এ পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গাজীপুর শিল্পাঞ্চলে সাম্প্রতিক সময়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ক্রমেই বাড়ছে।

এর মাত্র এক সপ্তাহ আগে গত ১৭ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় এবং তারও তিন দিন আগে গত ১৪ অক্টোবর টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। একের পর এক এমন শিল্প কারখানায় আগুন লাগার ঘটনায় স্থানীয় উদ্যোক্তা ও শ্রমিকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে