ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ফরিদপুর সদরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেলসহ ৩ আরোহী সড়কের ওপরে পড়ে যায়। এ সময় দ্রুতগামী বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়। আহত হন অপর দুই আরোহী।
পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের নাম সুয়াদ। তিনি একই উপজেলার হাট গোবিন্দপুরের মো. মিজানুর রহমানের ছেলে।
আরও পড়ুন: রাজধানীতে বাড়ছে দুর্ঘটনায় পথচারী হতাহতের সংখ্যা
অপরদিকে ফরিদপুর মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে তার মৃত্যু হয়। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম ডাকঘরের চানড়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।
একই দিন বিকেলে মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোছা. আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার মাঝকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী।
আরও পড়ুন: ডিউটিতে থাকা পুলিশ সদস্যের ওপর উল্টে পড়ল ট্রাক, অতঃপর..
রাস্তা পারাপারের সময় আমেনা বেগমকে মোটরসাইকেল ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. জহির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
—জা.অর্থনীতি/এনজে