ডিউটিতে থাকা পুলিশ সদস্যের ওপর উল্টে পড়ল ট্রাক, অতঃপর..
ছবি: জাতীয় অর্থনীতি

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মহাসড়কের পাশে দায়িত্ব পালন করছিল হাইওয়ে পুলিশের একটি টহলদল। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাক এসে উল্টে পড়ে পুলিশের পিকআপের ওপর। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি। ঘটনাস্থলেই প্রাণ হারান ডিউটিরত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া (৩৫)। আহত হন আরেক পুলিশ সদস্য।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ভৈরব হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আহত পুলিশ সদস্যের নাম জাকির মিয়া।

আরও পড়ুন: মরদেহ উদ্ধার করতে এসে দেখেন নিজের ছেলের লাশ

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জগামী কুড়া-ভূসি বোঝাই একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-০৮৪৬) দ্বাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভৈরব হাইওয়ে থানার পিকআপ (ঢাকা মেট্রো-ঠ ১২-৪৯)-এর ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ ঘটনাস্থলেই নিহত হন এবং জাকির মিয়া আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভৈরব ফায়ার সার্ভিস, কুলিয়ারচর থানা পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে ট্রাকের নিচে চাপা পড়ে থাকা কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান অ্যাসোসিয়েশনের

কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে ট্রাকটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ডিউটিরত অবস্থায় কনস্টেবল পারভেজ মিয়া নিহত হয়েছেন। মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। স্বজনদের কাছে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও হাইওয়ে পুলিশের পিকআপ জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

—জা.অর্থনীতি/এনজে