ছবি: জাতীয় অর্থনীতি
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন একই গ্রামের আজিজুল হকের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় পারভীনা খাতুন ঘরের একটি টিন সরাতে যান। এ সময় অসাবধানতাবশত টিনটি বিদ্যুতের তারের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। পরে টিনটি বিদ্যুতায়িত হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি