১৫০০ টাকায় প্রশ্ন ফাঁস, বিদ্যালয়ে টেস্ট পরীক্ষা স্থগিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি টেষ্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে বাংলা পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয়টি। অভিযোগ উঠেছে, প্রশ্নপত্র বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে। 

সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পর পরিক্ষা স্থগিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ঘটনার সত্যতা উদঘাটনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

জানা গেছে, প্রশ্ন ফাঁস নিয়ে আজ সকাল থেকে ফেসবুকে লেখালেখি হলে বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজ সকালে বাংলা পরীক্ষা নেওয়ার কথা ছিল। পরীক্ষার্থীরাও পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে এসেছিল। সকালেই প্রশ্ন ফাঁসের গুঞ্জন উঠলে বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করার ঘোষনা দেন।

ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি লুৎফুন নাহার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের সাথে আলোচনা সভা করেন।

সভায় তিনি জানান, বিদ্যালয়ের পরিক্ষা কমিটির সকল সদস্যকে শোকজ করা হবে। 

এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামি তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, গতরাতে ২০২৭ সালের এসএসসি টেস্ট পরিক্ষা বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁস হয়। এরপর বাংলা পরিক্ষা স্থগিত করা হয়েছে। এই স্থগিত পরিক্ষাটি আগামী শনিবার (৩১ অক্টোবর) নতুন প্রশ্নপত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনায় কোন শিক্ষক জড়িত থাকলে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এনজে